শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের মাদকের আঁতুড়ঘর হিসেবে পরিচিত মাচইল গ্রামে অভিযান চালিয়ে এক মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুন) শিবগঞ্জ থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকারী দলে ছিলেন সাব-ইন্সপেক্টর (এসআই) জাফর, এসআই মনজয় কুমার এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) এরশাদ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত যুবকের নাম শ্রী মানিক চন্দ্র (২৫)। সে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের চালুঞ্জা রাজবংশী পাড়া গ্রামের শ্রী যাদু চন্দ্রের পুত্র। স্থানীয়রা জানান, মাচইল গ্রামটি দীর্ঘদিন ধরে মাদক কারবার ও সেবনের নিরাপদ রুট হিসেবে পরিচিত। পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। শিবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।