শিরোনাম :

বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরা শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৮ মে, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে করোনা মহামারির কারণে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে ‘বন্দে ভারত মিশন’ নামক বৃহত্তম প্রত্যাবাসন কার্যক্রম শুরু করেছে নয়াদিল্লি। এই কর্মসূচির আওতায় আজ শুক্রবার থেকে ফেরানো হচ্ছে বাংলাদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের।

 

 

বাংলাদেশসহ বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের মধ্যে অনেকেই রয়েছেন যারা চাকরি, পড়াশোনা/ইন্টার্নিশিপ, পর্যটন, ব্যবসা ইত্যাদি বিভিন্ন কারণে লকডাউনের আগে বিভিন্ন দেশে গিয়েছিলেন। এছাড়াও রয়েছেন অন্যান্য ভারতীয় নাগরিক যাদের চিকিৎসা সংক্রান্ত জরুরি পরিস্থিতি বা পরিবারের সদস্যের মৃত্যুজনিত কারণে ভারত সফর অনিবার্য।

 

বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের শুক্রবার থেকে পর্যায়ক্রমে ভারতে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে এয়ার ইন্ডিয়ার সাতটি ফ্লাইটে করে ভারতীয় নাগরিকদের শ্রীনগর (৮, ১২ ও ১৩ মে), দিল্লী (৯ ও ১১ মে), মুম্বাই (১০ মে) এবং চেন্নাই (১৪ মে) নিয়ে যাবে। প্রতিটি ফ্লাইটে প্রায় ১৭০ জন যাত্রী বহন করা হবে।

 

প্রথম ফ্লাইটে ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজে আটকে পড়া শিক্ষার্থীদের শ্রীনগরে ফিরিয়ে নেয়া হচ্ছে। ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন এই শিক্ষার্থীদের সাথে নিরবচ্ছিন্নভাবে যোগাযোগ রক্ষা করে চলেছে। এই কঠিন পরিস্থিতিতে সর্বোচ্চ উদারতার সাথে পাশে থাকা মেডিকেল কলেজসমূহের অধ্যক্ষদের ঘনিষ্ঠ সহযোগিতায় খাদ্য, বাসস্থান, অর্থ ইত্যাদি বিভিন্ন বিষয় সমাধান করেছে।

 

শুক্রবার হাই কমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশ বিমানবন্দরে উপস্থিত হয়ে বাংলাদেশ ছেড়ে যাওয়া ভারতীয় নাগরিকদের প্রথম দলটিকে বিদায় জানান এবং তাদের সাথে মতবিনিময় করেন।

 

শিক্ষার্থীদের নিরাপদে দেশে ফেরার শুভেচ্ছা জানিয়ে হাই কমিশনার বিদেশে ভারতীয় নাগরিকদের কল্যাণে ভারত সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তরুণ শিক্ষার্থীরা ঈদের আগে বাড়ি ফিরতে পারায় হাই কমিশনার সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের ভারতে পৌঁছানোর পর স্বাস্থ্যবিধি অনুসরণ করার পরামর্শ দেন। শিক্ষার্থীরা তাদের প্রত্যাবাসনে সহযোগিতার জন্য হাই কমিশনকে ধন্যবাদ জানায়।

 

প্রসঙ্গত, বন্দে ভারত মিশন বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাজ্য সরকারের সমন্বয়ে পরিচালিত একটি বৃহত্তর কার্যক্রম। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনার জন্য বেশিরভাগ রাজ্যের নোডাল অফিসারদের নিয়োগ দিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023