স্পোর্টস ডেস্ক
প্রায় সময়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয় ব্যয় নিয়ে আলোচনা হতে দেখা যায়। এ নিয়ে অবশ্য বোর্ড কখনোই কথা বলে না। তবে চলতি মাসেই শেষ হচ্ছে বর্তমান কমিটির মেয়াদ। যার কারণে আসন্ন নির্বাচনের আগে আয় ব্যয় নিয়ে কিছুটা খোলাসা করেছেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তার তথ্য অনুযায়ী বিসিবির কোষাগারে গত দুই বছরে প্রচুর অর্থ এসেছে। যার পরিমাণ এখন দাঁড়িয়েছে ৯০০ কোটিতে।
আজ শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে ক্রিকেট বোর্ডের প্রয়াত পরিচালক আফজালুর রহমান সিনহার স্মরণে এক অনুষ্ঠানে এসে এ কথা বলেন তিনি। পাপন বলেন, ‘বিসিবির অনেক টাকা বেড়েছে। যা বিসিবির আয় থেকেই এসেছে। আমাদের সব স্পনসর স্থানীয়, দেশের বাইরের না। আমরা টাকা অনেক কম পাই। তবু এই দুই মেয়াদে আমাদের এফডিআর-এ প্রায় ৯০০ কোটি টাকার মতো আছে।’
২০২৩ সাল থেকে বোর্ড আইসিসির কাছ থেকে অস্ট্রেলিয়ার সমপরিমাণ টাকা পাবে জানিয়ে তিনি বলেন, ‘আইসিসি থেকে প্রাপ্য অর্থ বাড়বে সামনে। ২০২৩ সাল থেকে আমরা অনেক বেশি পাব। আমাদের এত দিন যে অনুপাতে দিয়ে এসেছে, ওটা ঠিক না। আমি ওদের কাছে চ্যালেঞ্জ করেছিলাম, কিন্তু আট বছরের অর্থচক্রে পড়ে গিয়েছি। ২০২৩ থেকে অস্ট্রেলিয়ার সমান টাকা পাবে বাংলাদেশ। এত বছর ধরে, আমাদের জিম্বাবুয়ের সমান দিত।’
বোর্ডের খরচাপাতির বিষয়ে বিসিবির সভাপতি বলেন, ‘ক্রিকেটে কোচিং স্টাফ আগে একজন শুধু প্রধান কোচ থাকতো। এখন ফিল্ডিং কোচ, বোলিং কোচ, ব্যাটিং কোচ, প্রধান কোচ তারপর ট্রেনার এগুলো হলো জাতীয় দলের। এরপর হলো এইচপি টিম, তারপর মহিলাদের টিমে, এখন অনূর্ধ্ব-১৯ দলেও বিদেশী (কোচ)। আপনাকে বুঝতে হবে, বিসিবির কি পরিমাণ খরচ বেড়েছে এবং আমাদের খেলোয়াড়রা কি পরিবার সুবিধা পেতো বা তাদের সঙ্গে যারা আছে অন্তত পক্ষে এটা দশগুণ বেড়েছে।’