দিনাজপুরে বজ্রপাতে শিশুসহ ৭ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৩ আগস্ট, ২০২১

মুক্তজমিন ডেস্ক

দিনাজপুরের পৃথক দুটি স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের সময় চারজন শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তিনজন।
বজ্রপাতে দিনাজপুর শহরের উপশহর ৮ নং ব্লকের রেলঘুমটি সংলগ্ন নিশ্চিন্তপুর এলাকায় মাঠে ফুটবল খেলার সময় চার শিশুর মৃত্যু এবং দুইজন আহত হয়েছে।

অপরদিকে জেলার চিরিরবন্দরের দক্ষিন সুখদেবপুর (পীরপাড়া) গ্রামের বসুনিয়ার দীঘিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিনজনের মৃত্যু এবং একজন আহত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সময় পৃথক পৃথক এই ঘটনা ঘটেছে।

বজ্রপাতে নিহতরা হলো দিনাজপুরের উপশহরের ৮ নং ব্লকের রেলঘুমটি এলাকার আইনুল ইসলামের ছেলে সাজ্জাদ (১৩), বাবলু মিয়ার ছেলে হাসান (১৬), সাজু মন্ডলের ছেলে মিম (১০) ও কালিপুর এলাকার আপন (১৬) এবং চিরিরবন্দরের আব্দুলপুর ইউপির দক্ষিণ সুখদেবপুর (পীরপাড়া) গ্রামের সাইমুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (২৫), আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী (২৪) ও মকছেদ আলী শাহের ছেলে নুর ইসলাম (২৪)।

খেলার মাঠে বজ্রপাতে আহত দুইশিশু মমিনুল (১৬) ও আতিক (১৬) দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে নিশ্চিত করেন দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোজাফফর হোসেন।

স্থানীয়রা জানান, বিকালে ঘটনার সময় দিনাজপুরের উপশহর ৮ নং ব্লকের রেলঘুমটি সংলগ্ন নিশ্চিন্তপুর এলাকায় হতাহতদের কেউ মাঠে ফুটবল খেলছিল, কেউ বৃষ্টিতে ভিজছিল। আবার কেউ খেলা দেখছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। অন্যদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরেক শিশু মারা যায়।

অপরদিকে চিরিরবন্দরের স্থানীয়রা জানায়, বাড়ির পাশে ওই দিঘীতে বৃষ্টির সময় তারা মাছ ধরতে গিয়েছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তারা মারা গিয়ে পানিতে ডুবে যায়। পরে এলাকাবাসী পানির নিচ হতে তাদের মরদেহ উদ্ধার করে। বজ্রপাতে আল মামুন (২৩) নামে আরেকজন আহত হয়েছে। সে একটু দূরে অবস্থান করে মাছ ধরায় সে প্রাণে বেঁচে গেছেন বলে স্থানীয়রা জানান।

অপরদিকে, চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার এর সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার বিকালে বজ্রসহ বৃষ্টিপাতের সময় চিরিরবন্দরে আব্দুলপুর ইউপির দক্ষিন সুখদেবপুর (পীরপাড়া) গ্রামের বসুনিয়ার দীঘিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু এবং একজন আহত হয়। বজ্রপাতে আহত আল মামুনকে (২৩) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023