মুক্তজমিন ডেস্ক
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। এদের মধ্যে করোনায় তিনজন এবং উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে জানান, দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ২৭০ জনের নমুনা পরীক্ষা করে ৫৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ শতাংশ। সব মিলে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৪৪৭ জন। জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯৬৩ জন।
মঙ্গলবার সকাল পর্যন্ত জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৬ জনে। জেলায় এক দিনে সুস্থ হয়েছেন ১৩০ জন। মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ২১৮ জন। এ সময় জেলার চিরিরবন্দরে একজন ও বিরলে দুজন করোনায় মারা গেছেন।
সিভিল সার্জন সূত্রে জানা গেছে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৫৬ জন ভর্তি রয়েছেন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৫৫ জন। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১১ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১২ জন।
জেলার ১৩ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্ত হয়ে ২১ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি আছেন ছয়জন।