২৯শে জুলাই জিম্বাবুয়ে সফর থেকে দেশে ফিরে সরাসরি হোটেলে উঠেছে বাংলাদেশ টি-টোয়েন্টি দল। বলা চলে টানা বায়ো বাবলে থেকে আজ মুক্তি মিলছে মাহমুদুল্লাহ রিয়াদ সাকিব আল হাসানদের। সেই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) তাদের পরিবারের সঙ্গে সময় কাটাতে দিচ্ছে ১৩ দিনের ছুটি। হ্যাঁ, এরপর ২৪ আগস্ট ফের বায়ো বাবলে প্রবেশ করতে হবে। এরইমধ্যে দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান চলে যাবেন যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে। এ ছাড়াও তার অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচ না খেলারও গুঞ্জন রয়েছে। যদিও সেই বিষয়ে টিম ম্যানেজমেন্ট কিছু জানাতে পারেনি। তবে যুক্তরাষ্ট্র থেকে সাকিব পরবর্তী সিরিজের আগেই ফিরে যোগ দিবেন জাতীয় দলের সঙ্গে এমনটিই নিশ্চিত হওয়া গেছে বিসিবির কয়েকটি সূত্রে।
অন্যদিকে ক্রিকেটারদের ১০ থেকে ২৩শে আগস্ট পর্যন্ত ছুটির বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, ‘গত ৫-৬ মাস ধরে খেলোয়াড়রা বায়ো বাবলে, অনেক কঠিন সময় যাচ্ছে। এত কঠিন সময়ে ভালো পারফরম্যান্স করছে। ওদের কৃতিত্ব দেয়া উচিত। এনিয়ে আমরা নিয়মিত কথা বলছি, ভাবছি। মূল কথা হলো টি-২০ দল ছুটি পাচ্ছে ১০ থেকে ২৩শে আগস্ট পর্যন্ত, ২৪ তারিখ নিউজিল্যান্ড সিরিজের বায়ো বাবলে ঢুকবে, আর টি-২০ দলে এখন নাই এমন প্লেয়াররা ১৬ তারিখ থেকে প্র্যাকটিস করবে।’
তবে অস্ট্রেলিয়া সিরিজে খেলেননি এমন ক্রিকেটারদের নিয়ে একটি ক্যাম্প করবে বিসিবি। অন্যদিকে করোনা মহামারির কারণে বায়ো বাবলে ক্রিকেটারদের পরিবারকে রাখা যাচ্ছে না। সেই নিয়মে পরিবর্তন আসবে কিনা এমন প্রশ্নের জবাবে আকরাম খান বলেন, ‘আমরা তো বলেছি, খেলোয়াড়রা যেভাবে স্বস্তিতে থাকবে আমাদের তা করে দিতে কোনো আপত্তি নেই। যেমন মোস্তাফিজের ছিল। কেউ থাকতে চাইলে আমাদের কোনো সমস্যা নেই।’ শুধু তাই নয় জানা গেছে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে যে শর্ত দিয়েছে তাই বহাল থাকবে নিউজিল্যান্ডের ক্ষেত্রেও। এ বিষয়ে আকরাম খান বলেন, ‘অনেকটা একই রকম (শর্ত)। নিরাপত্তার কথা তো শুধু অস্ট্রেলিয়া বলে চিন্তা করলে হবে না। যদি কিছু খেলোয়াড়ের করোনা হয় তাহলে তো আমরা সিরিজই করতে পারবো না। প্রয়োজনে এর চেয়েও বেশি সতর্ক থাকতে হবে।’
এ ছাড়াও অস্ট্রেলিয়া সিরিজ শেষে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোসহ কোচিং স্টাফরা বাংলাদেশেই অবস্থান করবে। তাদের ছুটিতে দেশে ফিরে যাওয়ার সুযোগ নেই বলে জানা গেছে। এ ছাড়াও এই সফরের আগে নয়া ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সেরও দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে। তার যোগদানের ব্যাপারে আকরাম বলেন, ‘ প্রিন্সের সঙ্গে চুক্তি প্রায় সব সম্পন্ন হয়ে গেছে। ইনশাআল্লাহ্? নিউজিল্যান্ড সিরিজে আমাদের সঙ্গে থাকবে।’
এ ছাড়াও নিউজিল্যান্ড সিরিজ শেষ হতেই ক্রিকেটারদের বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে আবারো বিশ্রাম দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান। তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে বড় পরিকল্পনা হলো খেলোয়াড়দের একটু বিশ্রাম দেয়া। শারীরিক ও মানসিকভাবে ওরা ক্লান্ত। যেহেতু কোয়ারেন্টিনের ব্যাপার আছে, অন্তত ৭ দিন আগে আমরা ওমানে যাবো।’