বগুড়ায় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার সন্ধ্যা ছয়টার দিকে শহরের বড়গোলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন বগুড়া শহরের উত্তর গোদারপাড়া এলাকার ইমরান হোসেন (৩১) এবং নামাজগড় (ডালপট্টি) এলাকার শুভ্র প্রসাদ (৩২)।
ডিবি পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহারের নেতৃত্বে একটি দল বড়গোলা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে একটি পাটের চটের বাজারের ব্যাগ নিয়ে অবস্থান করা ইমরান ও শুভ্রকে আটক করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে ওই ব্যাগ তল্লাশি করে একটি ভ্যানিটি ব্যাগ পাওয়া যায়। ভ্যানিটি ব্যাগটি বিশেষ কৌশলে কসটেপ দিয়ে আটকানো ছিল। সেটি খুলে ১০টি ছোট পলিথিনের প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ১০০টি করে মোট এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।