ডেস্ক রিপোর্ট
ভারতে অবৈধভাবে বসবাসকারী এক ব্যক্তিকে, পরকীয়ার সম্পর্কের সন্দেহের জেরে তৃতীয় স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। রোববার তাকে গ্রেফতার করা হয়। পশ্চিমবঙ্গ ও উত্তর প্রদেশের রেসিডেন্সিয়াল কার্ড ও ভারতীয় পাসপোর্টও জব্দ করা হয়েছে তার কাছ থেকে। খবর এনডিটিভির।
অভিযুক্ত ওই ব্যক্তির নাম বাবুল মিয়া। তার অন্য দুই স্ত্রী বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কুচবিহারে বসবাস করেন। এক দশক আগে বাবুল অবৈধভাবে ভারতে যান।
ভারতের নয়ডা পুলিশ জানায়, বাবুল মিয়া দৈনিক মজুরি শ্রমিক হিসেবে কাজ করতেন। তার স্ত্রী ফাতিমা বিবির সঙ্গে স্থানীয় এক নির্মাণকাজের কন্ট্রাক্টরের প্রেমের সম্পর্ক নিয়ে সন্দেহ করেন বাবুল। গত ৪ আগস্ট বাবুল পশ্চিমবঙ্গ থেকে ফিরে ফাতিমা ও কন্ট্রাক্টর সাজিদকে তার বাড়িতে দেখতে পান। এরপর তাদের মধ্যে কলহ শুরু হয়। বাবুলের বিরুদ্ধে অভিযোগ, সে তার স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার পর বাড়ি থেকে পালিয়ে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার তাকে গ্রেফতার করে দেশটির পুলিশ।