মুক্তজমিন ডেস্ক
চলছে ২০২১ সালের সেপ্টেম্বর মাস অথচ পাউরুটি উৎপাদিত হয়েছে ২০২২ সালের ৭ সেপ্টেম্বর। অর্থাৎ উৎপাদনের তারিখ দেওয়া হয়েছে এক বছর পর।
দিনাজপুর শহরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনার সময় এমন পাউরুটি পেয়েছেন। পরে ওই কারখানার মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শহরর ৪টি স্থানে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। অভিযানে সহযোগিতা করেন র্যাব দিনাজপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক জেহাদী হাসানের নেতৃত্ব র্যাব সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দিনাজপুর শহরের পুলহাট এলাকায় অবস্থিত মা বেকারীর কারখানায় পাউরুটির উৎপাদন তারিখ ২০২২ সালের ৭ সেপ্টম্বর উল্লেখ করে বাজারজাত করা হচ্ছিল। পরে ওই বেকারীর স্বত্বাধিকারী জমিদুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর ভ্রাম্যমাণ আদালত দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ীতে অবস্থিত শহরের দিলশাদ হোটলর কারখানায় অভিযান পরিচালনা করেন। কারখানায় মিষ্টির সিরায় মৌমাছি ও দই তৈরির জায়গায় বিড়ালের বিচরণ দেখতে পাওয়া যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত দিলশাদ হোটেলের স্বত্বাধিকারী মাজেদর রহমানকে ৫ হাজার জরিমানা করেন।
এছাড়াও শহরের ৩ নম্বর উপশহর এলাকার উৎসব বেকারীকে ১০ হাজার টাকা এবং খোদমাধবপুর এলাকায় একটি মুড়ির মিলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দিনাজপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক জেহাদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।