স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় ১৫ কেজি গাঁজাসহ আবুল কালাম আজাদ (৪৫) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২। রোববার বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজাদ লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার উত্তর মুসরতমদাতি এলাকার মৃত ছফর উদ্দিনের ছেলে। সোমবার র্যাব-১২ কার্যালয় সূত্রে জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের একটি অভিযানিক দল গতকাল সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনের সড়কে একটি বিশেষ মাদক বিরোধী চেকপোষ্ট স্থাপন করে। চেকপোস্টে যাত্রীবাহি বাসের যাত্রী বেশে আবুল কালাম আজাদকে ১৫ কেজি গাঁজা, মোবাইল এবং নগদ টাকাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।