বিনোদন ডেস্ক
অভিনয়ের জন্য কম ঝড়ঝাপটা পোহাতে হয় না শিল্পীদের। বলিউড হোক আর হলিউড- পোশাক, মেকআপ, প্রস্থেটিক মিলিয়ে জগদ্দল এক কস্টিউম বয়ে বেড়াতে হয় অনেককে।
টম হল্যান্ড
২০১৬ সাল থেকেই স্পাইডার ম্যান চরিত্রে অভিনয় করে আসছেন টম হল্যান্ড। দেখতে ছিমছাম হলেও স্পাইডার ম্যানের পোশাকটি পরে রীতিমতো গলদঘর্ম হতে হয়েছে তাকে। টমকে প্রায়ই তার স্যুটে স্ট্র ঢুকিয়ে পান করতে হয়েছে পানি।
অমিতাভ বচ্চন
‘থাগস অব হিন্দুস্থান’-এ ২০ কেজি পোশাক-আশাক বয়ে বেড়াতে হয়েছিল অমিতাভকে। আবার ‘পা’ ছবির জন্য প্রস্থেটিক পরতে হয়েছিল অনেক। প্রথম ছবির শুটিংয়ে প্রায়ই বিগ-বিকে ভুগতে হয়েছিল গুরুতর ঘাড় ও পিঠ ব্যথায়। হাসপাতালেও থাকতে হয়েছিল কিছু সময়।
ক্রিশ্চিয়ান বেইল
ব্যাটম্যানকে কে না ভালোবাসে। কিন্তু ব্যাটম্যানের পোশাক পরে কতক্ষণ থাকতে পারবেন, এ এক চ্যালেঞ্জ বটে! অভিনেতা ক্রিশ্চিয়ান বেইল একবার জানিয়েছিলেন, ভারী আর দম আটকানো কস্টিউমটা পরে থাকতে থাকতে একপর্যায়ে অজ্ঞানই হয়ে যেতে বসেছিলেন তিনি।
মিশেল ফাইফার
ক্যাট উইম্যান-খ্যাত মিশেলকে বিড়াল মানবী সাজতে প্রথমে আগাগোড়া নিজেকে ঢেকে ফেলতে হতো ট্যালকম পাউডার দিয়ে। তারপর গায়ে চাপাতে হতো সিলিকনের টাইট পোশাকটি। হাসিমুখে অভিনয় করলেও সহ্য করেছেন অমানুসিক যন্ত্রণা। ২০১২ সালের ‘ডার্ক নাইট’ ছবিতে একই চরিত্রে অভিনয়ের জন্য অ্যানা হাথাওয়েকেও সহ্য করতে হয়েছিল একই যন্ত্রণা।
চ্যাডউইক বোজম্যান
ব্ল্যাক প্যান্থারের জন্য চ্যাডউইক বোজম্যানকে পরতে হয়েছিল নারকীয় এক পোশাক। ভেতরটা এত গরম ছিল যে শুটিংয়ের ফাঁকে ওটা খুলে রাখতে হতো তাকে।
দীপিকা পাড়ুকোন
‘পদ্মাবতী’র জন্য মারাত্মক ভারী লেহেঙ্গা পরতে হয়েছিল দীপিকাকে। প্রচারের এক ইভেন্টে এসে বলেছিলেন ৩০ কেজি ওজনের এই পোশাক ও গহনা গায়ে চাপিয়ে নাচতেও হয়েছিল তাকে।
ঐশ্বরিয়া রায়
‘যোধা আকবর’-এ ঐশ্বরিয়াকে ভারী লেহেঙ্গার পাশাপাশি ভারী গহনাও পরতে হয়েছিল একগাদা। সবমিলিয়ে কস্টিউমের ওজন দাঁড়িয়েছিল মণখানেক! আর এসব নিয়েই শুটিং করতে হয়েছিল দিনের পর দিন।