স্টাফ রিপোর্টার, বগুড়া
গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনাভাইরাসে ও উপসর্গে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত চার ও উপসর্গে ছয়জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪ জন। ১৫৯ জন সুস্থ হয়েছেন।
শুক্রবার (১৩ আগস্ট) বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক এসব তথ্য জানিয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪০৯টি নমুনা পরীক্ষায় ৮৪ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে বগুড়া সদরের ৪২, শেরপুরে ১৬, শিবগঞ্জে সাত, দুপচাঁচিয়া ও গাবতলীতে পাঁচজন করে, শাজাহানপুরে চার, ধুনটে দুই এবং আদমদীঘি, সারিয়াকান্দি ও কাহালুতে একজন করে রয়েছেন। শনাক্তের হার ২০ দশমিক ৫৮ শতাংশ।
সূত্র আরও জানায়, এ পর্যন্ত জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২০ হাজার ১৩৩ জন। ১৮ হাজার ৫১৭ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৬১২ জন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আছেন এক হাজার চারজন।