বিনোদন ডেস্ক
একজন খারাপ মানুষের সঙ্গে ছবি থাকলে আপনিও খারাপ! মিডিয়ায় এমন কোনো নায়িকা, মডেল নেই যার সঙ্গে নজরুল রাজের ছবি নেই। তাই বলে কি সবাই খারাপ হয়ে যাবে! ছবি তুললেই কি দোষ হয়ে গেল। বুকে হাত দিয়ে বলতে পারি দশ বছরের ক্যারিয়ারে কোনো অনৈতিক বা অন্যায় কাজ করিনি। মিডিয়ায় নিজের প্রতিভায়, যোগ্যতায় কাজ করেছি। তারপরও কেন আমার নামটা আসলো আমি জানি না। এসব গুজব যে একজন মানুষের ভেতর কতটা প্রভাব ফেলে বলে বোঝাতে পারবো না। পুরো ব্যাপারটায় খুব ব্যথিত। লজ্জায় পরিবারের মানুষের সামনে দাঁড়াতে পারছি না।
পর্নোগ্রাফি মামলায় প্রযোজক নজরুল ইসলাম রাজের গ্রেফতার হওয়ার পর নিজের নাম উঠে আসার ব্যাপারে চিত্রনায়িকা আঁচল মানবজমিনের কাছে এভাবেই ক্ষোভ ও কষ্টের কথা প্রকাশ করলেন। নজরুল রাজের সঙ্গে যে ছবিটি নিয়ে বিতর্ক সেটি কোথায় তোলা? পেছনের ঘটনাটা কী? আঁচল বলেন, দুই বছর আগে আমাকে নিয়ে ‘প্রিয়জন প্রয়োজন’ নামে একটা সিনেমা বানাতে চেয়েছিলেন নজরুল রাজ। তার জন্মদিনের দিন ছবিটির মহরত অনুষ্ঠানের আয়োজন করে। তাই আমি সেখানে গিয়েছিলাম৷ সিনেমাটা দেবাশীষ বিশ্বাসের বানানোর কথা ছিল। ঐখানেই ছবিটা তোলা। নজরুল রাজের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। প্রফেশনাল সম্পর্ক। অনুষ্ঠানের বাইরে তার সঙ্গে দেখা-সাক্ষাৎও হয়নি কখনও। এবার একটু কাজের প্রসঙ্গে আসি। সবশেষ কোন সিনেমায় অভিনয় করেছেন? এ নায়িকা বলেন, ‘ঘর ভাঙা সংসার’ সিনেমায় কাজ করলাম সবশেষ। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় এতে ডিপজল ভাইয়ের বিপরীত অভিনয় করেছিলাম। লকডাউন শেষে আবারও সিনেমার শুটিং শুরু হয়েছে। আপনি কবে কাজ শুরু করছেন? আঁচল বলেন, দু-এক দিনের মধ্যে ঢাকায় আসবো। এখন গ্রামের বাড়িতে আছি। এসেই শুটিং করবো। শাপলা মিডিয়ার একটা সিনেমার কাজের কথা আছে। ২০১১ সালে ঢালিউড ক্যারিয়ার শুরু করেন আঁচল। প্রথম অভিনয় করেন ‘ভুল’ সিনেমায়। আঁচল অভিনীত প্রথম ব্যবসা সফল সিনেমা ‘জটিল প্রেম’।