স্টাফ রিপোর্টার, ঢাকা
চিত্রনায়িকা পরীমণিকে বিলাসবহুল গাড়ি উপহার দেওয়ার তথ্য প্রকাশের ঘটনায় ঢাকার গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে সিটি ব্যাংক কর্তৃপক্ষ। জিডিতে বলা হয়েছে- মিথ্যা-বানোয়াট তথ্য প্রচারের মাধ্যমে একটি চক্র সিটি ব্যাংক থেকে চাঁদাবাজির পাঁয়তারা করছে। মঙ্গলবার জিডির বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।
সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে পরীমণিকে সাড়ে ৩ কোটি টাকার গাড়ি উপহার দেওয়ার তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাশরুর আরেফিন পরীমণিকে এ গাড়ি উপহার দেন। এর প্রেক্ষাপটে সোমবার এক ফেসবুক পোস্টে ‘পরীমণিকে কখনো দেখেননি’ বলে জানান তিনি।
তার একদিন পর মঙ্গলবার গুলশান থানায় জিডি করা হলো। জিডিতে ব্যাংকের হেড অব কোর্ট অপারেশন গাজী এম শওকত হাসান বলেছেন, ‘সম্প্রতি কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন অভিনেত্রীর বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে সিটি ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত বলে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হয়। এই তথ্যকে পুঁজি করে কিছু স্বার্থান্বেষী ও চাঁদাবাজ ব্যাংকের কর্মকর্তাদের নাজেহাল করার অপচেষ্টায় লিপ্ত আছে অথবা থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে। এসব নিউজের কারণে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সামাজিক নিরাপত্তাহীনতা ও মানসিক উদ্বিগ্নতায় ভুগছেন’
জিডিতে আরও বলা হয়, ‘এসব তথ্য ছড়ানোর কারণে চাঁদাবাজির উদ্দেশে সাধারণ জনগণের টাকা আত্মসাতের বিষয়ে আশঙ্কা থাকে। এরূপ চাঁদাবাজ ও প্রতারক চক্রকে আইনের আওতায় আনা জরুরি।’