লিওনেল মেসি বার্সেলোনার ১০ নম্বর জার্সিকে এমন উচ্চতায় নিয়ে গেছেন সেটার ভার অন্যদের নেয়া বেশ কঠিন। কত-শত রেকর্ড তিনি গড়েছেন ১০ নম্বর জার্সি গায়ে জড়িয়ে। বার্সেলোনা এখনো কাউতে দেয়নি এই আইকনিক নম্বরটি। রোববার মেসির বিদায়ী সংবাদ সম্মেলনের দিনও বার্সেলোনার শপে বিক্রি হয়েছে মেসির ১০ নম্বর জার্সি। ২১ বছরের পথচলা শেষে বার্সেলোনাকে বিদায় জানিয়েছেন মেসি। আলোচনা হচ্ছে মেসির রেখে যাওয়া ১০ নম্বর জার্সি নিয়ে। কাতালান ক্লাবটির সমর্থকরা চাইছেন, চিরদিনের জন্য তুলে রাখা হোক ক্লাবের সর্বকালের সেরা ফুটবলারের ১০ নম্বর জার্সিটি। তবে এরই মধ্যে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা জানিয়েছেন, ‘সবকিছুর উর্ধ্বে ক্লাব’।
ভবিষ্যৎ বিবেচনায় বার্সেলোনার ১০ নম্বর জার্সির দাবিদার দুই তরুণ সেনসেশন পেদ্রি ও আনসু ফাতি। তবে এই মৌসুমে মেসির রেখে যাওয়া ১০ নম্বর জার্সি গায়ে কাকে দেখা যাবে?
২০০৪ সালের ১৬ই অক্টোবর প্রতিযোগিতামূলক ম্যাচে প্রথমবার বার্সেলোনার মূল দলের হয়ে মাঠে নামেন মেসি। স্প্যানিশ লা লিগায় এস্পানিওলের বিপক্ষে ১৭ বছর বয়সী মেসির গায়ে ছিল ৩০ নম্বর জার্সি। বছর দুয়েক পর ১৯ নম্বর জার্সি পরে মাঠে নামা শুরু করেন। ২০০৮ সালের জুন পর্যন্ত খেলেছেন ১৯ নম্বর জার্সিতে। সেসময় বার্সেলোনার ১০ নম্বর জার্সি ছিল ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোর। ২০০৮ এর জুলাইয়ে এসি মিলানে নাম লেখান রোনালদিনহো। সেই থেকে ১০ নম্বর জার্সিটি পরে মাঠে নেমেছেন মেসি। ১৩ বছর বার্সেলোনার ১০ নম্বর জার্সি গায়ে খেলেছেন তিনি।
বার্সেলোনার নতুন ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে সবার আগে রয়েছেন মেম্ফিস ডিপাই। ডাচ ফরোয়ার্ড কাতালানদের হয়ে চারটি প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে মাঠে নেমে এরই মধ্যে করেছেন তিন গোল। জাতীয় দল নেদারল্যান্ডসের ১০ নম্বর জার্সিটি পরে মাঠে নামেন ডিপাই। বার্সেলোনার পরবর্তী সুপারস্টার হওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন তিনি।
ম্যানচেস্টার সিটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সার্জিও আগুয়েরো (২৬০ গোল)। সিটিজেনদের ১০ নম্বর জার্সি গায়ে করেছেন একের পর এক গোল। বার্সেলোনায় তিনি এসেছিলেন মেসির সঙ্গে জুটি বাধার স্বপ্ন নিয়ে। যদিও সেই স্বপ্ন ভেঙে গেছে আগুয়েরোর। ১০ নম্বর জার্সির ভার নেয়ার ক্ষমতা রয়েছে তারও। সেটা তিনি দেখিয়েছে ম্যানচেস্টার সিটিতেই।
অনেক স্বপ্ন নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে আঁতোয়ান গ্রিজম্যানকে দলে ভেড়ায় বার্সেলোনা। দুই মৌসুম পার হয়ে গেলেও কাতালানদের প্রত্যাশা পূরণ করতে পারেননি এই ফরাসি তারকা। বার্সেলোনার বতর্মান স্কোয়াডের সবচেয়ে প্রতিভাবান মনে করা হয় গ্রিজম্যানকে। ফুটবলবোদ্ধারা মনে করতেন, মেসির জন্য নিজের সেরাটা দিতে পারতেন না গ্রিজম্যান। ফরাসি তারকার সুযোগ নিজেকে মেলে ধরার। অ্যাটলেটিকো মাদ্রিদ, জাতীয় দলের মতো বার্সেলোনাতেও ৭ নম্বর জার্সি গায়েই মাঠে নামেন গ্রিজম্যান। পেশাদার ক্যারিয়ারে কখনোই পরেননি ১০ নম্বর জার্সি।