বাকি রইল শুধু ইংল্যান্ড : পাপন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক

চলতি সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবমিলিয়ে বাংলাদেশের জয় ছিল মাত্র দুইটি। এবার চার দিনের মধ্যেই তিনবার ক্রিকেট পরাশক্তিদের হারিয়ে দিয়েছে বাংলাদেশ দল। যার সুবাদে মিলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের স্বাদও।

 

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এখন শুধুমাত্র ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় বাকি রইল বাংলাদেশের। এর বাইরে অন্যান্য সব দেশের বিপক্ষেই কোনো না কোনো ফরম্যাটে একটি হলেও সিরিজ জিতেছে টাইগাররা। শুধুমাত্র ইংল্যান্ডকেই কোনো সিরিজে হারানো সম্ভব হয়নি।

 

এই আফসোস রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনেরও। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে উদ্বেলিত তিনি। একইসঙ্গে ইংল্যান্ডের না জেতার অতৃপ্তির কথাও জানিয়েছেন বিসিবি বিগ বস। শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতার দিন সংবাদমাধ্যমের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন তিনি।

 

পাপনের ভাষ্য, ‘এখন পর্যন্ত দুটো দেশ বাকি (ছিল) যাদের সঙ্গে আমরা কোনদিন সিরিজ জিতিনি। এর মধ্যে একটা ছিল অস্ট্রেলিয়া আর একটা ছিল ইংল্যান্ড। বাকি সবার সঙ্গে কোন না কোন ফরম্যাটে আমরা সিরিজ জিতেছি। স্বাভাবিকভাবে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ জেতায় একটা পর্ব শেষ হলো। এখন শুধু বাকি আছে ইংল্যান্ড।’

 

এদিকে চলতি বছরের অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন নির্বাচন। এর আগে সেপ্টেম্বরের শেষদিকে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ইংল্যান্ডের। কিন্তু এখন সেটি পিছিয়ে নেয়া হয়েছে ২০২৩ সালের মার্চে। তাই অন্তত এই মেয়াদে ইংল্যান্ডকে সিরিজ হারানোর সুযোগ না পাওয়ার আক্ষেপ পাপনের।

 

তিনি বলেছেন, ‘দুর্ভাগ্যক্রমে এর মধ্যে ওরা (ইংল্যান্ড) আসছে না। আসলে অবশ্য চাইতাম যে (যেন জিততে পারি)। অক্টোবরে যেহেতু আমাদের নির্বাচন তাই এই দায়িত্বকাল শেষ হওয়ার আগে এরকম একটা অর্জন থাকে কি না… এই একটা বাকি রইল।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023