স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের সিরিজ জয়ের মিশনে বাগড়া দিয়েছে বৃষ্টি। মিরপুরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি সময়মতো শুরু করা যায়নি।
ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টায়। তার আধা ঘণ্টা আগে টস। বৃষ্টির কারণে সেটা হয়নি। তবে স্বস্তির খবর হলো, এখন বৃষ্টি নেই। খেলাও শুরু হতে যাচ্ছে।
আম্পায়াররা মাঠ পরিদর্শন করেছেন। জানা গেছে, সন্ধ্যা ৭টায় টস হবে। খেলা শুরু হবে তার ১৫ মিনিট পর অর্থাৎ ৭টা ১৫-তে। তবে সোয়া এক ঘণ্টা দেরিতে খেলা মাঠে গড়ালেও কোনো ওভার কাটা হবে না। নতুন করে বৃষ্টি বাগড়া না দিলে পুরো ম্যাচই হবে।
প্রসঙ্গত, মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ (শুক্রবার) বিকেল ৪.৫০ মিনিট থেকে প্রায় আধা ঘণ্টার মতো হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। পরে কমলেও গুঁড়ি গুঁড়ি চলছিল ৫টা ২৫ পর্যন্ত। ফলে নির্ধারিত সময়ে টস করা যায়নি।
বিকেল ৫টা ২৫-এর পর বৃষ্টি থামে। পরে শুরু হয় মাঠ পরিচর্যার কাজ। ২টি সুপার সপার কাজ করেছে মাঠ শুকাতে।
ওদিকে ৫টা ৩৫ মিনিটে বাংলাদেশ আর ৫টা ৪৬ মিনিটে টিম অস্ট্রেলিয়া মাঠে নামে শরীর গরম করতে। এখন শুধু ম্যাচ শুরুর অপেক্ষা।