সেফুদার সঙ্গে লেনদেন করতেন হেলেনা: র‌্যাব

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচিত অস্ট্রিয়া প্রবাসী সেফুদার সঙ্গে আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটি থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীর লেনদেন করতেন বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার বিকেলে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদরদফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

তিনি বলেন, সেফুদা সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে দেশবাসীর নজর কাড়তে চেষ্টা করেন। তার সঙ্গে গ্রেফতারকৃতের নিয়মিত যোগাযোগ ও লেনদেন রয়েছে। হেলেনা জাহাঙ্গীর আলোচিত সেফুদাকে নাতি ডাকতেন।

তিনি আরও বলেন, হেলেনা জয়যাত্রা ফাউন্ডেশনকে ঢাল হিসেবে ব্যবহার করেন। তার পৃষ্ঠপোষকতায় একটি সংঘবদ্ধ চক্র ভুয়া খেতাবের অপপ্রচার চালাত। বিভিন্ন দেশি-বিদেশি সংস্থা ও ব্যক্তিবর্গ থেকে জয়যাত্রা ফাউন্ডেশনের নামে অর্থ সংগ্রহ করতেন। যা মানবিক সহায়তায় ব্যবহারের চেয়ে গ্রেফতারকৃতের খেতাব প্রচার-প্রচারণায় বেশি ব্যবহার করা হতো।

এছাড়া হেলেনা বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা রেখে নিজের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতেন। তিনি ১২টি ক্লাবের সদস্যপদে রয়েছেন বলেও জানায় র‌্যাব।

এর আগে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে হেলেনার গুলশানের ৫ নম্বর সড়কের ৩৬ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রায় ৪ ঘণ্টার অভিযানে ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ক্যাসিনোর কয়েন, হরিণের চামড়া, বিদেশি মুদ্রা, অবৈধ ওয়াকি-টকিসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়।

পরে রাতেই হেলেনা জাহাঙ্গীরের মালিকানাধীন আইপি টিভি ‌‘জয়যাত্রার’ কার্যালয়ে অভিযান চালায় র‍্যাবের আরেকটি দল। এলিট বাহিনী জানায়, প্রতিষ্ঠানটির বৈধ কোনো কাগজ নেই।

তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন, মাদক, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও বিটিআরসি আইনে মামলা হবে বলে জানিয়েছে র‌্যাব।

উল্লেখ্য, সম্প্রতি ‘চাকুরিজীবী লীগ’ নামে একটি সংগঠনের সদস্য আহ্বান করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন হেলেনা জাহাঙ্গীর। এ ঘটনায় আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয় উপকমিটি থেকে তাকে অব্যাহতি দেয়া হয়। একইসাথে অব্যাহতি পান কুমিল্লা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ থেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023