স্টাফ রিপোর্টার, ঢাকা
সেতু বিভাগের চাহিদা মোতাবেক ‘পদ্মা বহুমুখী সেতু নির্মাণ (দ্বিতীয় সংশোধিত)‘ প্রকল্পের মেয়াদ ২ বছর বাড়িয়ে ২০২৩ সালের জুন পর্যন্ত অনুমোদন দিতে যাচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
ইতোমধ্যে চারবার পদ্মাসেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধি পেয়েছে। এবার পঞ্চমবারের মতো এই প্রকল্পের মেয়াদ বাড়তে যাচ্ছে। তবে এবার মেয়াদ বাড়লেও বাড়ছে না ব্যয়।
সোমবার (২২ মার্চ) এ বিষয়ে আইএমইডি সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী জাগো নিউজকে বলেন, ‘কয়েকদিনের মধ্যে মেয়াদ বাড়িয়ে দেব। আমরা মেয়াদ বাড়ানোর পক্ষে। কিন্তু কতটুকু মেয়াদ বাড়াবো, সেটা এনালাইসিস করে জানিয়ে দেব। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই।’
সূত্র জানায়, প্রকল্পটির মূল সেতু ও নদীশাসন কাজসহ অবশিষ্ট কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত ১ বছর এবং দরপত্রের শর্ত অনুযায়ী রক্ষণাবেক্ষণ কাজ ও ঠিকাদারদের দেনাপাওনা মিটিয়ে দেয়ার জন্য আরও ১ বছরসহ সুপারিশ ও মতামত প্রতিপালন সাপেক্ষে প্রকল্পটির ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ (তৃতীয়বার) ২০২৩ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা যেতে পারে।
আইএমডি সুপারিশ করেছে, বিভিন্ন অঙ্গভিত্তিক কাজ নির্ধারিত মেয়াদে সমাপ্ত করার লক্ষ্যে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং নিয়মিত ফলোআপ সভা করে বাস্তবায়ন অগ্রগতি মূল্যায়ন করা প্রয়োজন। পুনর্বাসন কার্যক্রমের আওতায় গৃহীত আয়বর্ধকমূলক কর্মসূচির যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করাসহ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিবর্গ যাতে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে পারে সে লক্ষ্যে জব প্লেসমেন্টের বিষয়ে গুরুত্ব প্রদান করা যেতে পারে। প্রকল্পের কারিগরি ব্যবস্থাপনা এবং নিরাপত্তা ব্যবস্থাপনার বর্তমান কার্যক্রম অব্যাহত রাখতে হবে। এসব বিষয়ের আলোকে গৃহীত ব্যবস্থার তথ্যাদি আগামী ১ মাসের মধ্যে আইএমইডিকে অবহিত করতে হবে।
২০০৭ সালের জুলাইয়ে পদ্মাসেতু প্রকল্পের কাজ শুরু হয়। শেষ হওয়ার কথা ছিল ২০১৫ সালের জুনে। প্রথম সংশোধনী এনে প্রকল্পের মেয়াদ ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়। দ্বিতীয় সংশোধনীতে প্রকল্পের মেয়াদ আরও ৩ বছর বাড়িয়ে করা হয় ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত।