খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ৬ মাস বাড়ল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৫ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত চেয়ে আবেদন করেছিল তার পরিবার। একইসঙ্গে তার জামিনের মেয়াদ বাড়িয়ে চিকিৎসার জন্য তাকে বিদেশ যাওয়ার অনুমতি চেয়েছিলেন তারা। সেই আবেদনে সাড়া দিয়ে সাবেক এই প্রধানমন্ত্রীর সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। তবে, বিদেশে যেতে পারবেন না তিনি।

 

গত ২ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খালেদা জিয়ার পক্ষে তার ছোট ভাই শামীম ইসকান্দার এ আবেদন জমা দিয়েছিলেন। আবেদনের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আবেদনপত্রে স্বাক্ষর করে সেটি সচিবের দপ্তরে পাঠিয়েছিলেন। আজ সোমবার এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, খালেদা জিয়ার সাজা আরও ছয় মাসের জন্য স্থগিত রেখে মুক্তি দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করেছেন। আইন মন্ত্রণালয়ের মতামতও প্রস্তাবের সঙ্গে পাঠানো হয়েছিল।

 

জানা গেছে, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার উপধারা ১-এ খালেদা জিয়ার সাজা ছয় মাসের জন্য স্থগিত রেখে তাকে দেশের অভ্যন্তরে বিশেষায়িত চিকিৎসা নেওয়ার শর্তে এ মুক্তি দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে তিনি দেশের বাইরে যেতে পারবেন না।

 

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন খালেদা জিয়া। গত বছর ২৫ মার্চ ৭৬ বছর বয়সী খালেদা জিয়াকে ২৫ মাস কারাভোগের পর শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য দণ্ড স্থগিত করে মুক্তি দেয় সরকার। এরপর দ্বিতীয় দফায় ফের ছয় মাস সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়। সেই মেয়াদ আগামী ২৫ মার্চ শেষ হবে। এর আগেই নতুন করে তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল। গত বছরের ২৫ মার্চ শর্তসাপেক্ষে মুক্তির পর থেকে নিজ বাসভবন ফিরোজাতেই আছেন খালেদা জিয়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023