স্টাফ রিপোর্টার, ঢাকা
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে সাতজনের। মৃতদের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী।
এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে পাঁচ লাখ ৩৪ হাজার ৪০৭ জনে এবং মৃতের সংখা আট হাজার ৯৪ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪১৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৮ হাজার ৯৬০ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২০৪টি ল্যাবে ১২ হাজার ৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৬ লাখ ২৭ হাজার ৪১৩টি নমুনা।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৭৬ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৭৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৬২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।
দেশে করোনা প্রথম সংক্রমণ ধরা পড়ে গত ৮ মার্চ। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।