স্টাফ রিপোর্টার, ঢাকা
ঢাকা-সিলেট মহাসড়ক চার লেইনে উন্নীতকরণ প্রকল্প আগামী মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদনের জন্য তোলা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল এবং সিলেট-হবিগঞ্জ রুটে বিআরটিসির বাস সার্ভিস উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন অনলাইনে যুক্ত ছিলেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিআরটিসিকে গণমানুষের আস্থার বাহনে রূপান্তর করতে শেখ হাসিনা সরকার সম্প্রতি বহরে সহস্রাধিক বাস ও ট্রাক সংযোজন করেছে। এখন প্রয়োজন বিআরটিসির নেটওয়ার্ক সম্প্রসারণ এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়ন।
এসময় করোনাকালে সরকার ঘোষিত ‘যত সিট তত যাত্রী’ নীতি প্রতিপালনের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালনার আহ্বান জানান তিনি।
২০১৬ সালের অক্টোবরে ঢাকা-সিলেট মহাসড়ক চার লেইনে উন্নীতকরণসহ ২৭টি প্রকল্পে চীনা অর্থায়নের জন্য দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে চীনা ঠিকাদার প্রতিষ্ঠান চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্পের ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়।
এর মধ্যে ২০১৮ সালের ১৭ জানুয়ারি তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ‘ঘুষ সাধার’অভিযোগে চীনা ওই কোম্পানিকে ‘কালো তালিকাভুক্ত’করার ঘোষণা দেন। পরে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চীনের সঙ্গে সমঝোতা চুক্তি হওয়ার ২৭ প্রকল্পের তালিকা থেকে ঢাকা-সিলেট মহাসড়ক বাদ দেওয়া হয়।
২২৬ কিলোমিটার দীর্ঘ ঢাকা-সিলেট মহাসড়কে সোয়া চার কিলোমিটার দৈর্ঘ্যের ৭০টি সেতু নির্মাণের কথা ছিলো প্রকল্প প্রস্তাবে। এছাড়া চার হাজার ৩৫৮ মিটার দীর্ঘ চারটি উড়াল সড়কও নির্মাণের কথা ছিলো।