বিনোদন ডেস্ক
ছোটপর্দার জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব আর সিনেমার ‘আশিকী’, ‘বস টু’, ‘শাহেনশাহ’খ্যাত অভিনেত্রী নুসরাত ফারিয়া জুটি হয়ে অভিনয় করবেন ‘যদি… কিন্তু… তবুও’ শিরোনামের একটি চলচ্চিত্রে। চলতি বছর শুরুর দিকে এর কাজ শুরুর ঘোষণা দিয়েছিলেন নির্মাতা শিহাব শাহিন। কিন্তু করোনার কারণে ছবির শুটিং শুরু করা সম্ভব হয়নি। অবশেষে শুটিংয়ে যাচ্ছে ‘যদি… কিন্তু… তবুও’র টিম। এমনটাই জানিয়েছেন এর নির্মাতা।
শিহাব শাহিন বলেন, ‘আসছে ২৮ অক্টোবর থেকে এই ছবির শুটিং শুরু হবে। এরই মধ্যে শুটিংয়ে ফেরার সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। গেল মার্চে করোনার কারণে শুটিং করতে পারিনি। স্বাস্থ্যবিধি মেনে এখন আমরা শুটিং শুরু করবো। বান্দরবান ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে এর শুটিং হবে।
‘যদি কিন্তু তবুও’ নির্মিত হবে রোমান্টিক গল্পে। এর প্রযোজনার দায়িত্বে রয়েছে ভারতীয় অনলাইন ভিডিও স্ট্রিমিং সাইট জি ফাইভ। অপূর্ব-নুসরাত ফারিয়া ছাড়াও এতে অভিনয় করবেন তারিক আনাম খান, সাফায়েত মনসুর রানাসহ অনেকে। ছবির মোট দৈর্ঘ্য হবে ১২০ মিনিট অর্থাৎ দুই ঘণ্টা।
দীর্ঘদিন পর চলচ্চিত্রে ফেরা নিয়ে অপূর্বও বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
অপূর্ব বলেন, বাছবিচার করেই অভিনয় করতে চেয়েছি। যেজন্য এতটা সময় নেওয়া। “যদি কিন্তু তবুও” এমনই এক গল্পের ছবি, যার জন্য অনেকদিন অপেক্ষায় ছিলাম। শিহাব শাহীন পরীক্ষিত নির্মাতা। তার পরিচালনায় আশা করি, দর্শকদের ভালো একটা গল্প উপহার দিতে পারবো।’