স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় নতুন করে আরও ৫৫ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৫০১ জনে।
বুধবার সকালে জেলা স্বাস্থ্য দপ্তরের ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। সকাল ১১টায় অনুষ্ঠিত অনলাইনে জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি ব্রিফ করেন বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
জেলা স্বাস্থ্য দপ্তরর মুখপাত্র ডা. মোস্তাজিুর রহমান তুহিন তার ব্রিফিংয়ে ৭ জুলাই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে করা ২৪৮টি নমুনা পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেন।
ওই ব্রিফিংয়ে জানানো হয়, করোনায় আক্রান্তদের মধ্যে ৬ জুলাই সকাল ১১টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় নতুন করে ১৭৯ জন সুস্থ হয়েছেন। ফলে জেলায় করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৭ জনে। তবে একই সময়ে আরও দু’জনের মৃত্যু হওয়ায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৬৪ জন মৃত্যুবরণ করেছেন।
৭ জুলাই বগুড়া শজিমেক পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনায় ৩৩ জনের পজিটিভ এসেছে। আর বেসরকারি টিএমসি পিসিআর ল্যাবে জেলার ৬০টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে আরও ২২টি।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, গত ১ এপ্রিল বগুড়ায় প্রথম একজনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। সেই থেকে ৭ জুলাই পর্যন্ত জেলায় পরীক্ষার জন্য মোট ২১হাজার ১১৩টি নমুনা সংগ্রহ করা হয়। তবে এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ১৮ হাজার ৬৮৪টি।
বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন আরও জানান, নতুন করে আক্রান্ত ৫৫ জনের তেমন কোনো উপসর্গ না থাকায় তাদেরকে নিজ নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে। তবে যদি প্রয়োজন হয় তাহলে আক্রান্তদের হাসপাতালে যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছে।