স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় চিকিৎসক, ব্যাংকার ও শিশুসহ নতুন করে আরও ১০৫জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন শুক্রবার সকাল ১১টায় জানিয়েছেন, বৃহস্পতিবার(১৮ জুন) শজিমেকে বগুড়ার ১৫৮টি নমুনা পরীক্ষায় ৩০জন এবং টিএমএসএস এর ১৭৫টি নমুনার ফলাফলে ৭৫জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে। নতুন করে ১০৫জনের সংক্রমিত হওয়ার মধ্য দিয়ে বগুড়ায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯২৩জনে।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে ৭০জন পুরুষ ও ৩৩জন মহিলা ও ২জন শিশু রয়েছে।
১০৫ জন আক্রান্তদের বয়সভিত্তিক বিশ্লেষণে শিশু ২জন, ১৮ থেকে ৪০ বছর বয়সের ৫৩জন, ৪১ থেকে ৫০ বছরের ১৭জন, ৩০জনের বয়স ৫১ থেকে ৭০ এবং ৭০ বছরে উপরে ৩জন ব্যক্তি রয়েছেন।
জেলায় উপজেলাগুলোর মধ্যে বগুড়া সদর উপজেলার সর্বোচ্চ ৬৮জন করোনা পজিটিভ হয়েছেন।
অন্যান্য উপজেলার মধ্যে সোনাতলায় ১৫জন, শাজাহানপুরে ৮জন, শিবগঞ্জে ৩জন,গাবতলীতে ৩জন, শেরপুরে ২জন, দুপচাচিয়ায় ২জন, কাহালু, আদমদীঘি, নন্দীগ্রাম ও ধুনটে একজন করে কোভিড-১৯ পজিটিভ হয়েছে।
বগুড়ায় গত ১ এপ্রিল প্রথম রংপুরের এক বাসিন্দা কোভিড-১৯ পজিটিভ হন। তারপর থেকে একে একে পুলিশ, চিকিৎসক, নার্স ও রাজনীতিবিদ, সাংবাবাদিক, ব্যাংকারসহ বিভিন্ন পেশার মানুষ সংক্রামক ওই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় ১৩ হাজার ৪৮৭ নমুনার মধ্যে ১১ হাজার ৩১৩টি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সুস্থ হয়েছেন মোট ১৯৫জন আর মৃত্যু হয়েছে মোট ২৭জনের।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, নতুন আক্রান্তদের আপাতত নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে।