স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় শাকিল আহম্মেদ (৩৩) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আকাশতারা এলাকায় ওই হত্যাকাণ্ড ঘটে। নিহত শাকিল শহরের নারুলী তালপট্টি এলাকার শফিকুল ইসলামের ছেলে। পুলিশ জানিয়েছে, পূর্ব শত্রুতা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা তাকে খুন করেছে। নিহত সাকিলের বিরুদ্ধে দু’টি হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিল শুক্রবার সকাল ১১টার দিকে আকাশতারা এলাকায় গিয়ে প্রতিপক্ষের দুই যুবককে মারপিট করতে শুরু করে। এতে ক্ষিপ্ত হয়ে ওই দুই যুবকের সহযোগীরা শাকিলকে রাম দা দিয়ে এলোপাথারী কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় এলাকাবাসী রক্তাক্ত শাকিলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়ার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী সাংবাদিকদের জানান, পূর্ব বিরোধের জের ধরে ওই হত্যাকাণ্ড ঘটানো হযেছে। তবে হত্যাকাণ্ডে জড়িতদের এরই মধ্যে সনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।