স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় ট্রাকের অতিরিক্ত চাকায় মিলল ফেন্সিডিল। বৃহস্পতিবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের সীমাবাড়ী এলাকা ১৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে শেরপুর থানা পুলিশ। তবে এ ঘটনায় মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাওকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, ঢাকাগামী একটি পণ্য বোঝাই ট্রাকের সঙ্গে থাকা অতিরিক্ত চাকা মহাসড়কে খুলে পড়লে টহলরত পুলিশ ওই ট্রাকটি থামতে বলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকটি দ্রুত চলে যায়। পুলিশ রাস্তায় পরে থাকা চাকাটি উদ্ধার করে এবং কিছু অংশ কাটা দেখে সন্দেহ হলে ভিতরে ফেন্সিডিলের বোতল দেখতে পায়। এসময় চাকাটির ভিতর থেকে ১৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, ধারনা করা হচ্ছে শেরপুর উপজেলার সীমাবাড়িতে পুলিশের চেকপোষ্ট রয়েছে, সেখানে তল্লাসীর সময় ধরা পরার ভয়ে মাদক কারবারীরা চাকাটি ফেলে দিয়ে ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।