স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার শাজাহানপুরের ফুলতলায় ঢাকা ফেরত এক করোনা রোগীর সন্ধান পাওয়া যাচ্ছে না। গতকাল মঙ্গলবার বিকালে তার নমুনা পরীক্ষার রিপোর্ট আসার পর থেকেই তিনি ফোন বন্ধ রেখেছেন। প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের লোকজন তাকে খুঁজছেন। আজ বুধবার সকালে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ঢাকার ওষুধ কোম্পানিতে কর্মরত ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া না গেলে প্রশাসনকে পুরো ফুলতলা লকডাউন করতে বলা হবে।
বগুড়া সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি ঢাকার একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। ১০ এপ্রিল ঢাকা থেকে ফুলতলার বাড়িতে এসেছেন তিনি। তার শরীরে করোনার তেমন কোনও উপসর্গ ছিল না। ঢাকা থেকে আসার কারণে স্বাস্থ্য বিভাগের কর্মীরা ২৬ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে বগুড়া শজিমেক হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠান। সেখান থেকে গত মঙ্গলবার বিকালে রিপোর্ট আসে। সন্ধ্যার দিকে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা ফুলতলা এলাকায় তার বাড়ি লকডাউন করতে গিয়ে তাকে খুঁজে পাননি। বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ আলম জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত ফুলতলার প্রায় এক কিলোমিটার এলাকায় খোঁজ করে একই নামের পাঁচ জনকে পাওয়া যায়। কিন্তু স্বাস্থ্য বিভাগে যে ফোন নম্বর দেওয়া ওই মোবাইল নম্বরের কাউকে খুঁজে পাওয়া যায়নি। ফোন নম্বরটিও বন্ধ।
তিনি আরও জানান, তাকে খুঁজে বের করতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে চেষ্টা অব্যাহত রয়েছেন। তাকে না পাওয়ায় এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন। শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোতারব হোসেন জানান, করোনা শনাক্ত হওয়া ওই ব্যক্তির ফোন বন্ধ থাকায় বাড়ি শনাক্ত করা সম্ভব হচ্ছে না। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বুধবার সকাল পর্যন্ত করোনা আক্রান্ত ওই ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। তাকে না পাওয়া গেলে প্রয়োজনে প্রশাসনকে পুরো ফুলতলা লকডাউন করতে বলা হবে।